আজ থেকে ঢাকা মেডিকেলে বিনামূল্যে করোনা পরীক্ষা

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১২:৪৯ এএম

করোনাভাইরাসের উপসর্গ আছে এমন সন্দেহভাজন রোগীরা আজ বৃহস্পতিবার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বিনামূল্যে পরীক্ষা করাতে পারবেন। হাসপাতালের চতুর্থ তলায় ভাইরোলজি বিভাগে এই পরীক্ষা করা হবে। তবে সন্দেহভাজন সবাইকে ঢাকা মেডিকেলে না এসে নিকটস্থ রাজধানীর অন্যান্য যেসব হাসপাতালে করোনা পরীক্ষা হয় সেখানে যেতে অনুরোধ করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিন বলেন, ‘এখানে নভেল করোনাভাইরাসের পরীক্ষা হয় শুনলে সবাই যাতে চলে না আসেন। করোনাভাইরাস সন্দেহ হলে আইইডিসিআরসহ ঢাকার অন্য যেসব হাসপাতালে এই পরীক্ষা চালু হয়েছে সেগুলোতেও রোগীরা যেন যান।’

হাসপাতালের কর্মকর্তারা জানান, সন্দেহজনক রোগীর নমুনা হিসেবে লালা বা কফ নেওয়া হবে। তিন থেকে চার ঘণ্টার মধ্যেই করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার ফলাফল জানা যাবে। ইতিমধ্যে প্রস্তুতির অংশ হিসেবে গতকাল বুধবার করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুজনের নমুনা সংগ্রহ করেছে ঢামেক। যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হবেন, যারা বহির্বিভাগে সেবা নিতে আসবেন কিংবা যারা হাসপাতালের অন্তর্বিভাগে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে কোনো রোগীর ব্যাপারে চিকিৎসক যদি সন্দেহ করেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত, তখন চিকিৎসকের সুপারিশ অনুযায়ী ভাইরোলোজি বিভাগ ওই রোগীর নমুনা সংগ্রহ করবে এবং করোনাভাইরাসের পরীক্ষা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত