করোনাভাইরাস সংক্রমণ রোধে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনাতে গতকাল বৃহস্পতিবার থেকে প্রতিদিন ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গতকাল এক প্রতিবেদনে সৌদি গেজেট জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে (খাবার কেনা ও চিকিৎসা) শহর দুটির বাসিন্দারা সকাল ৬টা থেকে বিকেল ৩টার মধ্যে বাইরে যেতে পারবেন। তবে গাড়িতে কেবল
একজন থাকতে পারবেন। ইতিমধ্যে দেশটিতে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ, ওমরা স্থগিত এবং জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা এবং জেদ্দায় চলাচল সীমিত করা হয়েছে। মক্কা ও মদিনার কয়েকটি এলাকা ইতিমধ্যে পুরো লকডাউনের আওতায় ছিল। তবে ওই শহরগুলোর বাকি অংশে এতদিন কারফিউ ছিল বিকেল ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত।
