প্রশ্নের মুখে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০৪:১১ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরে বসে অফিস করার জন্য জনপ্রিয় হয়ে ওঠা ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম প্রশ্নের মুখে পড়েছে। নিরাপত্তাসহ এতো ব্যবহারকারীর চাপ সামাল দেওয়ার মতো সক্ষমতা অ্যাপটির আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জুম নিয়ে এই প্রশ্ন তোলার পর বড় মাপের তদন্তের মুখোমুখি হয়েছে জুম।

বর্তমানে বাসা থেকে কাজ করার জন্য ও ব্যক্তিগত যোগাযোগের জন্য বিশ্বের বহু দেশে ব্যবহৃত হচ্ছে জুম। মূলত সংশয় তৈরি হয়েছে অ্যাপটির ডেটা নিরাপত্তা ও সুরক্ষা মাপকাঠিকে ঘিরে।  

নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের পাঠানো চিঠিতে অতীতে নিজ সমস্যা সমাধানে অ্যাপটির দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার বিষয় তুলে ধরে জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পর জুম নিজেদের নিরাপত্তা মাপকাঠি পর্যালোচনা করেছে কিনা জানতে চাওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে জুমের এক মুখপাত্র বলেছেন, জুম ব্যবহারকারীদের গোপনীয়তা, নিরাপত্তা এবং বিশ্বাসকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে থাকে।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারি চলাকালীন, আমরা রাতদিন কাজ করছি যাতে বিশ্বজুড়ে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, বিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠান সংযুক্ত ও কর্মক্ষম থাকতে পারে। এই ইসুগুলো নিয়ে নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের সম্পৃক্ততাকে আমরা সাধুবাদ জানাই এবং অনুরোধ করা তথ্য তার হাতে আনন্দের সঙ্গেই পৌঁছে দেব।

বর্তমানে অ্যাপ হিসেবে যুক্তরাজ্যে প্রথম এবং যুক্তরাষ্ট্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে জুম। বিশ্বের বিভিন্ন দেশের সরকার জনসাধারণকে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বাসায় অবস্থান নিতে বলার পর জুমের ব্যবহার আগের তুলনায় অনেক বেড়েছে।

অতীতে নিরাপত্তা ত্রুটি ছিল জুমে। এ রকম ত্রুটির মাধ্যমে সাইবার আক্রমণকারীরা জুম অ্যাপের মিটিং থেকে অংশগ্রহণকারীদের সরিয়ে দিতে, ব্যবহারকারীকে ভুয়া মেসেজ পাঠাতে এবং শেয়ারড স্ক্রিন নিজ নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারতেন। আরেক ত্রুটির মাধ্যমে আবার ম্যাক ব্যবহারকারীদের কল করতে বাধ্য করা হতো তাদের অনুমতি ছাড়াই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত