নওগাঁর রানীনগরে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার গুদাম থেকে দুস্থ মানুষের জন্য বরাদ্দ করা ভিজিডির ১৩৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগ্রাম ইউনিয়নের শালগাড়ীপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা আয়েত আলীর গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালের পরিমাণ চার মেট্রিক টন। আয়েত আলী রানীনগরের কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। এলাকায় তার ধান-চালের আড়তের ব্যবসা আছে।
রানীনগর উপজেলা প্রশাসন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে কালীগ্রাম ইউনিয়নে ২৫০ জন হতদরিদ্রের মধ্যে ভিজিডির চাল বিতরণ কার্যক্রম চলছিল। প্রত্যেককে ৩০ কেজি করে মোট প্রায় সাড়ে সাত মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এসব চাল বিতরণ কার্যক্রমে তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) হিসেবে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকাম্মাম মাহমুদা দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগ নেতা আয়েত আলীর বাড়িসংলগ্ন গুদামে ভিজিডির চাল মজুদ করা রয়েছে এমন অভিযোগে ওই দিন বিকেলে মাকাম্মাম মাহমুদা শালগাড়ীপাড়া গ্রামে আয়েত আলীর মালিকানাধীন গুদামে অভিযান চালান। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পর তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। পরে ইউএনও আবদুল্লাহ আল মামুন, কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও রানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাদ্য অধিদপ্তরের সিল মারা ১৩৮ বস্তা চাল জব্দ করে। এ ছাড়া ওই গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের সিল মারা আরও ২০০টি খালি বস্তা জব্দ করা হয়। ঘটনার পর থেকে আয়েত আলী পলাতক আছেন।
অভিযানের ব্যাপারে জানতে চাইলে ইউএনও আল মামুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আয়েত আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ মেট্রিক টন ভিজিডির সরকারি চাল এবং ওই চালের ২০০টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে। আয়েত আলী পলাতক থাকায় তিনি কোথা থেকে কীভাবে এই চালগুলো সংগ্রহ করেছেন তা জানা সম্ভব হয়নি। দ্রুত তার বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উদ্ধার চাল কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের হেফাজতে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে বলেও জানান ইউএনও।
