রাত ১০টায় ত্রাণ নিয়ে বৃদ্ধার বাড়িতে হাজির ইউএনও-জনপ্রতিনিধি

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১০:৫৬ এএম

শুক্রবার রাত। ঘড়ির কাঁটায় ১০টা ছুঁইছুঁই। করোনা লকডাউনের কারণে চারদিকে সুনসান নীরবতা। এরই মাঝে বাড়ির দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে আওয়াজ আসে- কায় (কে)?

বাড়ির বাইরে দাঁড়ানো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাড়া দেন। ঘুম জড়ানো চোখে বাইরে এসে অবাক হয়ে যান ভিক্ষুক বালাবি (৭৫)।

বালাবির হাতে খাদ্য সহায়তা তুলে দেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মনসুর উদ্দিন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।

শুক্রবার রাতে উপজেলার বসুনিয়াপাড়া, টাওয়ারপাড়া, আদর্শপাড়া, টিএনটি পাড়া ও নাপিত পাড়া এলাকার ভিক্ষুক, দরিদ্র ভ্যানচালক ও হোটেল শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এই সুবিধায় গতকাল একশ’ পরিবারকে উপজেলা পরিষদের অর্থায়নে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন জানান, সাধারণ মানুষকে ঘরমুখো করতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি দিন এনে দিন খাওয়া মানুষগুলোর জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এ কাজটি চলমান আছে।

আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস এই সংকটময় সময়ে সাধারণ খেটে খাওয়া এই মানুষগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত