খেলোয়াড়দের বেতন কাটবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০১:৫৩ পিএম

করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক সংকটে পড়লেও খেলোয়াড়দের বেতন না কেটে পুরো বেতন-ভাতা দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগেই একই সিদ্ধান্তের কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ডও।

এ ব্যাপারে পিসিবি’র এক কর্মকর্তা বলেন, “আমাদের আর্থিক বছর ১ জুলাই থেকে ১ জুন পর্যন্ত ধরা হয়। চুক্তিভিত্তিক (কেন্দ্রীয় ও ঘরোয়া) ক্রিকেটারদের চুক্তির মেয়াদ ৩০ জুন পর্যন্ত আছে। ২০১৯-২০ অর্থবছরে কারও বেতনই কাটা হবে না। মাসিক বেতন কাটছাঁট বা বিলম্ব হবে না এই নিশ্চয়তা দিয়েই আমরা করেই চুক্তি করেছি।”

তাছাড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই রোজা আসায় এই সময়ে সব ধরনের ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছেন পিসিব’র ওই কর্মকর্তা। পরিস্থিতির উন্নতি না হলে ঈদের পরও সব ধরনের খেলাধুলা বন্ধ রাখা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

পিসিবি, বিসিবি ও বিসিসিআই খেলোয়াড়দের বেতন কাটার সিদ্ধান্ত না দিলেও বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়া ও ইংলিশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের বেতন কম দেওয়ার কথা ভাবছে বলে জানা গেছে।

করোনাভাইরাস কারণে চলমান লকডাউন সবচেয়ে বেশি সংকটে ফেলেছে ইউরোপের ফুটবল ক্লাবগুলোকে। খেলোয়াড়দের ৭০ শতাংশ বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে লা লিগার দুই জায়ান্ট বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ।

অর্ধেক বেতন কাটছে ইতালির সেরি আ চ্যাম্পিয়ন জুভেন্তাস। জার্মানির বুন্ডেসলিগার দল বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়রাও ক্লাবের কম বেতন দেওয়ার প্রস্তাবে রাজি হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর খেলোয়াড়দের বেতনও কমানো হতে পারে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত