১৪ দিনের মধ্যে শ্রমিকদের মোবাইল হিসাব খোলার নির্দেশ

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০৩:৫১ এএম

করোনা ভাইরাসের সংক্রমণরোধে সচল রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য মোবাইল অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা এবং বেতন-ভাতাদি এই হিসাবে পৌঁছে  দেওয়া হবে।

 দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক এবং সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস  প্রোভাইডার-এর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, চলতি মাসের ২০ তারিখের মধ্যে সচল রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের মোবাইল অ্যাকাউন্ট নিশ্চিত করতে হবে। যাতে করে এই অ্যাকাউন্টের মাধ্যমে বেতনভাতা এবং সরকারি প্রণোদনা পরিশোধ করা যায়। এজন্য শ্রমিক অথবা কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের প্রয়োজন হবে। তবে এই হিসাব খোলার জন্য কোনো ধরনের চার্জ বা ফি কাটা হবে না। এই হিসাব খোলার জন্য ঊর্ধ্বতন পর্যায় থেকে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি এবং উৎসাহিত করার জন্য প্রচারণাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত