বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার পলাতক খুনিকে মুজিববর্ষেই ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত প্রতিক্রিয়ায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। পলাতক আরেক খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদ গ্রেপ্তার হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণেচলমান সংকটের মধ্যেও আমরা খুশির একটা খবর পেলাম। বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ গ্রেপ্তার হয়েছে। আমরা আশা করেছিলাম, মুজিববর্ষে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অন্তত একজনকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা হবে। আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা, তা সম্ভব হলো। তবে এখনো চারজন খুনি পলাতক রয়েছে। তাদের একজন যুক্তরাষ্ট্রে, আরেকজন কানাডায়। আমাদের প্রত্যাশা, মুজিববর্ষেই বাকি খুনিদেরও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা সম্ভব হবে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের ও প্রবাসী জনগণের সহযোগিতা প্রয়োজন।
