ওবায়দুল কাদেরকে বাসা থেকে বের হতে মানা করেছি : প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০১:৫১ এএম

করোনাভাইরাসের সংকটের মধ্যে বাসা থেকে বের হতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় তিনি নিজেই এ তথ্য জানান। করোনাভাইরাস সংকট মোকাবিলায় নোয়াখালীর কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার সময়  শেখ হাসিনা বলেন, ‘আমাদের সঙ্গে অবশ্য মন্ত্রী থাকতে পারত। কিন্তু তাকে আমি বাসা থেকে

বের হতে মানা করেছি। কোথাও যেতেও না করেছি।’ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এমন কড়া নির্দেশনার কারণে ওবায়দুল কাদের গত কয়েক দিন থেকে ধানম-িতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়েও উপস্থিত হচ্ছেন না। তিনি তার জাতীয় সংসদ ভবনের ভেতরে সরকারি বাসভবনে বসেই ভিডিও কনফারেন্সে সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমে কথা বলছেন। গত বছরের মে মাসে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আড়াই মাস পর দেশে ফেরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবসট্রাকটিভপালমোনারি ডিজিজ) ভুগছিলেন।

গত বছরের ২ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার বিএসএমএমইউতে ভর্তি হলে এনজিওগ্রামে কাদেরের হৃদপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য গত বছরের ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ভর্তি করা হয় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। কয়েক দিন চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. শিভাথাসান কুমারস্বামীর নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি হয়। ছয় দিন পর তাকে আইসিইউ থেকে স্থানান্তর করা হয় কেবিনে। এক মাস পর হাসপাতাল ছাড়লেও চিকিৎসকরা ‘চেকআপের জন্য’ আরও কিছু দিন তাকে সিঙ্গাপুরে থাকার পরামর্শ দেন। এরপর একটি বাসা ভাড়া করে সিঙ্গাপুরে অবস্থান করেন ওবায়দুল কাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত