রিয়াল মাদ্রিদের কিংবদন্তির তালিকা করলে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো এবং ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার নামও চলে আসবে। এখনো দাপুটের সঙ্গে খেলে যাওয়া এই দুই তারকা তো স্প্যানিশ ক্লাবটির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার সংক্ষিপ্ত তালিকায় ঢুকে পড়েছেন এরই মধ্যে। তালিকার শীর্ষ দশে দুজনই। যেখানে আবার ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোসের সঙ্গে একটা লড়াই দুজনেরই।
রিয়ালের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় সেরা দশে আধিক্য স্প্যানিশ খেলোয়াড়দেরই (সাতজন)। বিদেশিদের মধ্যে সবার ওপরে কার্লোস। রিয়ালের হয়ে ৫২৭ ম্যাচ খেলেছেন তিনি। নবম স্থানে থাকা মার্সেলোর চেয়ে ২২ ও দশম স্থানে থাকা বেনজেমার চেয়ে ২৬ ম্যাচ বেশি খেলেছেন।
কথা হচ্ছে, কার্লোসকে ছাড়িয়ে যেতে পারবেন তো রিয়ালের হয়ে ৫০৫ ম্যাচ খেলা মার্সেলো ও ৫০১ ম্যাচ খেলা বেনজেমা?
সর্বোচ্চ ৭৪১ ম্যাচ খেলে রিয়ালের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় শীর্ষে রাউল গনসালেস। দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান পর্যন্ত নামগুলো যথাক্রমে ইকার ক্যাসিয়াস (৭২৫), ম্যানুয়েল সানচিজ (৬৫৫), সার্জিও রামোস (৬৪০), ফার্নান্দো হিয়েরো (৫৮৭) এবং গুতি (৫৪২)।
৫০৮ ম্যাচ খেলে আট নম্বর স্থানে আছেন মিচেল গনজালেস। মার্সেলো ও বেনজেমার চেয়ে মাত্র এক ধাপ ওপরে তিনি। মিচেলকে তো বটেই কার্লোসকেও ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন বুনছিলেন মার্সেলো ও বেনজেমা।
কিন্তু করোনাভাইরাসের কারণে দুজনের স্বপ্নেই জোর ধাক্কা লেগেছে। সব ধরনের প্রতিযোগিতাই যে বন্ধ। কবে খেলা গড়াবে তা নিয়েও আছে শঙ্কা।
২০০৭ সাল থেকে মার্সেলো ও ২০০৯ সাল থেকে বেনজেমা খেলছেন রিয়ালে। গেল ক’বছরে দুজনের পারফরম্যান্সে রয়েছে ভিন্নতা। বেনজেমা যখন রিয়ালের ত্রাতা, মার্সেলো তখন কিছুটা পিছিয়ে পড়েছেন। সার্জিও রেগুইলন ও ফারল্যান্ড মেন্ডির সঙ্গে পাল্লা দিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন কমই।
সে যাই হোক। বিদেশি খেলোয়াড় হিসেবে রিয়ালের জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়তে মার্সেলো কিংবা বেনজেমা দুজনেরই এখন একটাই চাওয়া হবে। করোনার এই ভয়াবহতা দূর হয়ে মাঠে গড়াক ফুটবল। স্বাভাবিক জীবনে ফিরুক সবাই। সেটা যত দ্রুত হবে, মার্সেলো-বেনজেমার স্বপ্ন জাগ্রত হবে তত দ্রুত।
