বিশ্বকাপের পরই অবসরে যাওয়া উচিত ছিল ধোনির: শোয়েব আখতার

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০১:৪৮ পিএম

গত বছর ইংল্যান্ড বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে অবসরে যাওয়া উচিত ছিল বলে মনে করেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। ‘মাহি’র অবসর বিলম্ব মোটেও বোঝে আসছে না ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের’।

এ ব্যাপারে ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা পিটিআইকে শোয়েব বলেন, “সে (ধোনি) তার সক্ষমতার সর্বোচ্চটা দিয়ে ফেলেছে। সম্মানের সঙ্গে তার ক্রিকেট ছাড়া উচিত। আমি জানি না কেন, সে এটা প্রলম্বিত করছে। বিশ্বকাপের পর পরই অবসর নেওয়া উচিত ছিল তার।”

“আমি যদি তার জায়গায় থাকতাম, তাহলে বুট জোড়া তুলে রাখতাম। সীমিত ফরম্যাটের ক্রিকেট আমি আরও তিন-চার বছর খেলতে পারতাম। কিন্তু আমি ২০১১ সালের বিশ্বকাপের পর পরই খেলা ছেড়ে দেই। কেননা আমি খেলায় শতভাগ দিতে পারছিলাম না। কেন সে এটা প্রলম্বিত করছে?”

গত বছর ইংল্যান্ড বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতে হারের পর থেকেই ক্রিকেট থেকে দূরে ধোনি। এরপর ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে নিউজিল্যান্ড সফর করে আসে ভারতীয় দল। এসব সিরিজসহ করোনার কারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্থগিত হওয়া ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না ধোনি।

অবসরে যাবেন কি-না এ নিয়েও কিছু বলছেন ক্যাপ্টেন কূল। তবে আইপিএলের ত্রয়োদশ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে ফিরবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন ধোনি। করোনাভাইরাসের কারণে ভেস্তে গেল তার সে পরিকল্পনাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত