কিশোরগঞ্জে নতুন করে দুই চিকিৎসকসহ চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মুজিবুর রহমান জানান, গত রবিবার ৫০ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। তাদের মধ্যে চারজনের কভিড-১৯ পজিটিভ এসেছে। চারজনের মধ্যে করিমগঞ্জের দুই চিকিৎসক, পাকুন্দিয়ার একজন ও ভৈরবের একজন রয়েছেন।
জামালপুরে মেডিকেল কর্মকর্তাসহ আক্রান্ত ৩ : এদিকে গতকাল সন্ধ্যায় জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শফিকুজ্জামান জানান, সরিষবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বাসিন্দা মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৪ বছর বয়সী উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা, ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৭ বছর বয়সী গাড়িচালক এবং ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের ১০ বছর বয়সী এক শিশুর শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১১ জন।
