আগামী বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ না করলে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। গতকাল সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
করোনাভাইরাসের ভয়াবহতার কথা মাথায় রেখে শ্রমিকদেরও সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
বিজ্ঞপ্তিতে শিল্প পুলিশের বরাত দিয়ে জানানো হয়, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নরসিংদী, ময়মনসিংহ ও খুলনায় শিল্পকারখানা রয়েছে ৭ হাজার ৬০২টি। এর মধ্যে গত রবিবার পর্যন্ত ১ হাজার ৯৫৬ কারখানা শ্রমিকের বেতন পরিশোধ করেছে। ৫ হাজার ৬৪৬টি কারখানা বেতন-ভাতা পরিশোধ করেনি। তবে শিল্প পুলিশের হিসাবে ঢাকা মহানগরীর শিল্পকারখানার বেতন-ভাতা পরিশোধের তথ্য নেই। এদিকে অধিকাংশ পোশাক কারখানাই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করায় রবিবার থেকে ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে। গতকালও কয়েকটি স্থানে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
