করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে যখন দেশের বিভিনড়ব এলাকা থেকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইনে ফোন করে সেবা নিচ্ছেন। তখন সংস্থাটির হটলাইনে ফোন দিয়ে ধারাবাহিকভাবে দায়িত্ব পালনকারী নারীকর্মীদের সঙ্গে আপত্তিকর মন্তব্য করা হচ্ছিল দুটি নম্বর থেকে। প্রতিকারের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দারস্থ হলে ধরা পড়ে দুই কিশোর।
গত মঙ্গলবার রাতে কুষ্টিয়া ও নওগাঁ থেকে সংশ্লিষ্ট জেলা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে গতকাল তাদের বিরুদ্ধে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সিআইডির সাইবার পুলিশের অতিরিক্ত বিশেষ সুপার মো. খায়রুল আলম দেশ রূপান্তরকে বলেন, আইইডিসিআরের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর উত্ত্যক্তকারীদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সিআইডি এই মামলা তদন্ত করছে। গ্রেপ্তার কিশোরদের একজনকে কুষ্টিয়া, অন্যজনকে নওগাঁর কারাগারে পাঠানো হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। সিআইডির আরেক কর্মকর্তা জানান, করোনাভাইরাস সম্পর্কে তথ্য, পরামর্শ ও সময়োপযোগী সেবা দেওয়ার উদ্দেশে আইইডিসিআরে কিছু হটলাইন চালু রয়েছে। কিন্তু গ্রেপ্তার দুই কিশোর এই লাইনে যোগাযোগ করে কর্তব্যরত নারীকর্মীদের সঙ্গে আপত্তিকর মন্তব্য করে আসছিল।
