৫ লাখ টাকা করে খরচ করতে পারবেন উপজেলা চেয়ারম্যানরা

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০৪:৪০ এএম

নিজ নিজ এলাকায় করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পরিষদের নিজস্ব তহবিল থেকে ৫ লাখ টাকা করে খরচ করতে পারবেন উপজেলা পরিষদের চেয়ারম্যানরা। কোনো বিশেষ ক্ষেত্রে এ ব্যয় বাড়িয়ে খরচ করা হলে পরবর্তী সময়ে তা ঘটনাত্তোর ব্যয় দেখিয়ে মন্ত্রণালয় থেকে অনুমোদনও নিতে পারবেন তারা। নির্ধারিত ওই অর্থে জীবাণুনাশক স্প্রে ব্যবহার এবং ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার কেনাসহ করোনাভাইরাস প্রতিরোধমূলক নানা কাজে ব্যবহার করা যাবে। স্থানীয় সরকার, পল্লী উণ্ণয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলা পরিষদকে এ ধরনের এখতিয়ার দিয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

গত ১৫ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, ‘অপ্রত্যাশিত খাত থেকে করোনাভাইরাস প্রতিরোধে অর্থ ব্যয় করা যাবে। রাজস্ব তহবিল ব্যবহার নির্দেশিকা ২০২০ এর ৩ (ঘ) অনুযায়ী ৫ লাখ টাকা ব্যয়ের সুযোগ রয়েছে। ওই খাত হতে করোনা প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এ ক্ষেত্রে ৫ লাখ টাকার অতিরিক্ত ব্যয় করা হলে পরবর্তী সময়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এ বিভাগের ঘটনাত্তোর অনুমতি গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।’

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, স্থানীয় সম্পদ ব্যবহারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলা পরিষদ রাজস্ব তহবিল গঠন ও ব্যবহার নির্দেশিকা ২০২০ সম্প্রতি জারি করা হয়। সেখানে ৩ এর (ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে, অপ্রত্যাশিত খাতে ব্যয় করা যাবে ৫ লাখ টাকা। কোনো অত্যাবশ্যকীয় স্থাপনার জরুরি মেরামত ও পুনর্বাসন, ঘূর্ণিঝড়, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, অগিড়বকাণ্ড, বেওয়ারিশ লাশ দাফন এসব ক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ ৫ লাখ টাকা উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ব্যয় করা যাবে। মূলত এ খাত থেকে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকার অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. হেলালুদ্দীন আহমদ দেশ রূপান্তরকে বলেন, ‘স্থানীয় সম্পদের ভিত্তিতে গঠিত রাজস্ব তহবিল উপজেলা পর্যায়ের উণ্ণয়নকাজে বিশেষ ভূমিকা রাখে। সীমিত অথচ গুরুত্বপূর্ণ স্থানীয় সম্পদ ব্যবহারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ইতিপূর্বে স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলা পরিষদ রাজস্ব তহবিল গঠন ও ব্যবহার নির্দেশিকা ২০১৪ জারি করা হয়েছিল। বাস্তবতার নিরিখে ওই নীতিমালার সংশোধন ও সংযোজন করে উপজেলা পরিষদ রাজস্ব তহবিল গঠন ও ব্যবহার নির্দেশিকা ২০২০ জারি করা হয়েছে। এ নির্দেশিকার ৩ (ঘ) তে অপ্রত্যাশিত ৫ লাখ টাকা খরচের বিধান রয়েছে। এ অর্থ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যবহার করতে পারবে উপজেলা পরিষদ।’

স্থানীয় সরকার বিভাগের নতুন আদেশের ফলে উপজেলা পরিষদ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন উপজেলা চেয়ারম্যানরা। জানতে চাইলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. সাইফুল ইসলাম খান বীরু দেশ রূপান্তরকে বলেন, ‘নতুন এ আদেশের ফলে উপজেলা পরিষদ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করি। তবে এ খাতে আরও অর্থ বরাদ্দ বাড়ানো হলে জনসাধারণ উপকৃত হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত