নীলফামারীতে ইমাম ও পুরোহিতদের খাদ্য সহায়তা এমপি নূরের

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৪:৫৭ পিএম

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি থাকায় লকডাউন করা হয়েছে নীলফামারী জেলা। ঘরবন্দি হয়ে কর্মহীন জেলার সর্বস্তরের মানুষ। বাদ যায়নি মসজিদের ইমাম থেকে মন্দিরের পুরোহিতরাও।

ঘর বন্দি এসব মানুষের মধ্যে অস্বচ্ছল, নিম্নআয়ের লোকজনকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে সরকার ও সামাজিক সংগঠনগুলো। তবে সেই সহযোগিতা থেকে বঞ্চিত হয়ে চরম খাদ্য সংকটে পড়েছেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং মন্দিরের পুরোহিতরা।

খাদ্য সহায়তা বঞ্চিত ঈমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিতদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদানের কাজ শুরু করেছেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

শনিবার দুপুরে জেলা সদরের রামনগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১১৬জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং ১৭ জন পুরোহিতকে খাদ্য সহায়তা প্রদানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে।  

জেলা সদরের ৭০০ মসজিদের ঈমাম, মুয়াজ্জিন, খাদেম দুই হাজার একশ জন এবং তিনশত মন্দিরের পুরোহিত তিনশ জনসহ দুই হাজার ৪০০ জনের মাঝে সহায়তা প্রদান করছেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

এসময় করোনাভাইরাস প্রতিরোধে ধর্মীয় দৃষ্টির আলোকে স্থানীয় জনগণকে সচেতন করে ঘরে থাকা নিশ্চিৎ করার আহ্বান জানানো হয় ধর্মীয় নেতাদের।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ব্যাক্তিগত তহবিল থেকে করোনা পরিস্থিতি মোকাবিলায় খাদ্য সহায়তা প্রদানের কাজ অব্যাহত আছে।

এছাড়া সংসদ সদস্যের উদ্যোগে নিম্ন মধ্যবিত্তদের জন্য ০১৯১৩-৮৮৮৬৬৬, ০১৭১৮-৪৭১৮৫৫ নম্বরে দুটি হটলাইন চালু করা হয়েছে। যারা প্রয়োজন থাকা সত্ত্বেও কাউকে বলতে পারছেন না, এমন ব্যক্তিরা ফোন করলে তাদের পরিচয় গোপন রেখে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এর আগে খাদ্য সংকটে পড়া সাত হাজার ৬০০ পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৯০০ প্রতিবন্ধী ওই সহযোগিতার আওতায় এসেছে। এসব পরিবারে পাঁচ কেজি করে চাল, দুই কেজি আলু, আধা কেজি ডাল এবং একটি করে সাবান প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত