একাদশ সংসদের এমপি হিসেবে শপথ নিলেন ৩ জন

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৬:১৪ এএম

একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনজন। তারা হলেন ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় সংসদে তাদের শপথবাক্য পাঠ করান। করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই ২১ মার্চ এসব আসনে ভোট হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়। অন্যদিকে গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন হয় ব্যালটের মাধ্যমে। এতদিন আগে তারা নির্বাচিত হলেও করোনাভাইরাসের কারণে সংসদ সচিবালয় বন্ধ থাকায় শপথ নিতে পারেননি। শনিবার সংসদ অধিবেশন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা সংসদে যাওয়ায় তাদের শপথ পড়ানো হয়। স্বল্প পরিসরে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত