গত বছর হার্ট অ্যাটাকের পর নিজের মনোজগতে অনেক পরিবর্তন দেখছেন ইকার ক্যাসিয়াস। স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক এক সাক্ষাৎকারে বর্ণনা দিয়েছেন হার্ট অ্যাটাকের পরবর্তী কঠিন সময়গুলোর।
এ বছরের শুরুতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছিলেন ক্যাসিয়াস। যদিও ফুটবলকে বিদায় বলার আনুষ্ঠানিক ঘোষণা দেননি এখনো। পর্তুগিজ ক্লাব পোর্তোয় এখনো চুক্তিবদ্ধ বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ গোলরক্ষক। তা নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন ক্যাসিয়াস?
গত বছর পোর্তোর অনুশীলনে হার্ট অ্যাটাকের শিকার হন ক্যাসিয়াস। এই গোলরক্ষক বলছেন, ২০২০ সালে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে নিজের স্বাস্থ্যগত দিকটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চান।
‘আমাকে বাস্তববাদী হতে হবে, আমার স্বাস্থ্যের জন্য কী গুরুত্বপূর্ণ সেটিই আসল।’- পোর্তের অফিশিয়াল ওয়েবসাইটকে বলেন ক্যাসিয়াস।
হার্ট অ্যাটাকের পর দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ক্যাসিয়াস। তবে পরবর্তী কিছুদিন ছিল খুবই কঠিন। যে দিনগুলোর বর্ণনা দিয়ে ক্যাসিয়াস বলেছেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা।
ক্যাসিয়াস বলেন, ‘হার্ট অ্যাটাকের পর এক মাস আমার জন্য খুব কঠিন ছিল। আমি হাঁটতে পারতাম না। ঘুমাতে বা শারীরিক কাজ করতেও ভয় পেতাম।’
এখন ভালো আছেন বলে জানিয়েছেন ক্যাসিয়াস। তবে তাকে প্রচুর মেডিসিন গ্রহণ করতে হয়, ‘আমার অনেক মেডিসিন গ্রহণ করতে হয়, যা আমাকে ভালো রাখে। আমার মনে হয় শুধু ডাক্তারই বলতে পারে আমি কি করব বা করব না।’
২০১৫ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে পোর্তোয় পাড়ি দেন ক্যাসিয়াস। এখনো এক বছরের চুক্তি রয়েছে ক্লাবটির সঙ্গে। তবে ক্যাসিয়াস বলছেন নিজের হার্ট অ্যাটাকের পর পরিস্থিতির অনেক বদল এসেছে।
‘কিছু বিষয় এরপর বদলে গেছে। যার বেশির ভাগই আমার মাথার...। আমি এখন প্রতিটি মুহূর্তকে অনেক মূল্য দিতে শিখেছি। কখনো কখনো খেলোয়াড় হিসেবে আমাদের যা আছে তার মূল্য দিই না। আমরা ভাবি না আমরা অনেক মানুষকে খুশি রাখতে পারি...।’ বলেন ৩৮ বছর বয়সী ক্যাসিয়াস।
