করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আরও তিন সপ্তাহ লকডাউনের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। যা নিয়ে নতুন করে আলোচনায় বসে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। সেখানে এই মৌসুমে আর খেলা না হলে কী হবে সেটাই ছিল একমাত্র প্রশ্ন। তাতে অন্যান্য প্রস্তাবের ভিড়ে সবচেয়ে বেশি ভোট পেয়েছে খেলা না হলে রেলিগেশন না থাকার ব্যাপারটি। তার মানে এই মৌসুম আর মাঠে না ফিরলে লিভারপুলই চ্যাম্পিয়ন ঘোষিত হবে এবং তালিকার শেষ তিন দলকে অবনমিত হতে হবে না।
এমনটাই জানালেন প্রিমিয়ার লিগ ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মালিক টনি ব্লুম। ১৩ মার্চ খেলা স্থগিত ঘোষণা হওয়ার আগে ব্রাইটন রেলিগেশন জোন থেকে মাত্র ২ পয়েন্ট ওপরে ছিল। তাদের এখনো ৯ ম্যাচ বাকি। রেলিগেশন জোনে এখন আছে নরউইচ সিটি, অ্যাস্টন ভিলা ও বর্নমাউথ। ক্লাবগুলোর আলোচনায় সিদ্ধান্ত হয় রেলিগেশন পদ্ধতি এবার থাকবে কি না সেটা নির্ধারণ হবে ৭০ ভাগ ভোটের ওপর। কিন্তু কোনো ক্লাব ওই তিন ক্লাবকে এমন বিপদে ফেলবে বলে মনে হয় না। ব্রাইটন মালিক ব্লম জানান, ‘মৌসুম শেষ না করে এমন একটি লিগের কোনো দলকে রেলিগেটেড করা কঠিন।
আপনি একটি ক্লাবকে শিরোপা জয়ী হিসেবে ঘোষণা করতে পারেন। সেই সুযোগ আছে। তাছাড়া শিরোপাটা এবার লিভারপুলের প্রাপ্য। সেদিক থেকে আমরা নির্ভার কিন্তু রেলিগেশনের প্রশ্নে সমাধান পাওয়া কঠিন। আমার মতে কেউ শেষ তিন ক্লাবকে রেলিগেশনে পাঠানোর জন্য ভোট দেবে না।’ আরেকটি প্রস্তাব এসেছিল পয়েন্টের গড় হিসাব করে ফলাফল ঘোষণা করার। কিন্তু সেখানেও ঝামেলা আছে। কারণ অনেক ক্লাবের ৯টির বেশি ম্যাচ বাকি। তাই এবার প্রিমিয়ার লিগ মৌসুম শেষ না হলে অবনমন থেকে বেঁচে যেতে পারে অ্যাস্টন ভিলা, নরউইচ ও বর্নমাউথ।
×
