ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চাল চুরির খবর প্রকাশের ঘটনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী গত ১৭ এপ্রিল থানায় ওই মামলাটি করেন। এতে শাওন আমিন ও রহিম শুভ নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) রামবাবু রায়কে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে।
মামলার এজাহারে বাদী বলেন, সম্প্রতি তার এলাকা থেকে ১০ টাকা কেজি দরের ৬৮ বস্তা চাল উদ্ধার হয়। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে ৯ এপ্রিল একটি মামলা করেন। কিন্তু মামলার এক দিন আগে অর্থাৎ ৮ এপ্রিল সকালে শাওন আমিন ও রহিম শুভ নামে দুই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মোমিনুল ইসলাম ভাসানীকে চালচোর আখ্যায়িত করে পোস্ট দেন। এক দিন পর বিডিনিউজ ও জাগো নিউজে তাকে এবং তার ভাই ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়। এতে নিজের ও আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও অভিযোগ করেছেন মোমিনুল ইসলাম ভাসানী।
