পঞ্চগড়ের সীমান্ত

বিএসএফের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০৩:৫৮ এএম

পঞ্চগড় সদর উপজেলার রতনীবাড়ি প্রধানপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শিমুন রায় (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল রাত সাড়ে আটটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। এর আগে তার পেটে বিএসএফ গুলি করলে তাকে হাতপাতালে নেওয়া হয়। সে এবার এসএসসি ভোকেশনাল পরীক্ষা দিয়েছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রবিবার বিকেলে রতনীবাড়ি প্রধানপাড়া গ্রামের পরেশ চন্দ্র রায় ছেলে শিমুন রায়সহ ৭৬২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে বাংলাদেশি এলাকায় নিজেদের পাটক্ষেত নেটের জাল দিয়ে ঘেরা দিচ্ছিলেন। বেলা ৩টার দিকে ভারতের সাকাতি সীমান্ত ফাঁড়ির একদল বিএসএফ সদস্য ঘটনাস্থলে এসে বেড়া দিতে নিষেধ করে। এ সময় শিমুন রায় নিজের জমিতে বেড়া দিচ্ছে বলে জানায়। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক বেধে যায়। এক পর্যায়ে এক বিএসএফ সদস্য শিমুনকে খুব কাছে থেকে পেটের মধ্যে গুলি করে চলে যায়। গুলি পেট দিয়ে ঢুকে পিট দিয়ে বেরিয়ে যায়। শিমুনের ভুঁড়ি বেরিয়ে গেছে। এলাকাবাসী তাকে উদ্ধার করে পঞ্চগড় হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে গুরুতর আহত।

শিমুনের বাবা পরেশ চন্দ্র রায় বলেন, আমি বেলা ৩টার দিকে ছেলেসহ নিজেদের পাট ক্ষেতে জালের বেড়া দিচ্ছিলাম। এমন সময় বিএসএফ সদস্যরা পাট ক্ষেতে জালের বেড়া দিতে নিষেধ করে। আমার ছেলে বলে নিজের জমিতে বেড়া দিচ্ছি। এমন সময় এক বিএসএফ সদস্য তাকে খুব কাছ থেকে পেটের মধ্যে গুলি করে চলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বিজিবির নীলফামারী ৬৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক জানান, আমরা খবর পেয়ে বিএসএফের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানোর প্রক্রিয়া চলছে। পতাকা বৈঠকের পর প্রকৃত তথ্য জানানো যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত