চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মাদকের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৫:১১ এএম

চুয়াডাঙ্গার জীবননগরে গ্রেপ্তারের পর বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জসিম মণ্ডল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বিজিবির ভাষ্য, গত রবিবার রাত ৩টার দিকে উপজেলার নতুনপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নতুনপাড়া গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে জসিম মাদক কারবারি ছিলেন। ঘটনাস্থল থেকে ফেনসিডিল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, রবিবার রাত ১২টার দিকে নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৩ বোতল ফেনসিডিলসহ জসিমকে গ্রেপ্তার করা হয়। পরে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার হেফাজতে থাকা আরও ফেনসিডিলের সন্ধান দেন। রাত ৩টার দিকে তাকে নিয়ে সদরপাড়া গ্রামের ভেদভেদিয়া মাঠে গেলে মাদক কারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলি চালান। গোলাগুলির শব্দে গ্রামবাসী এগিয়ে এলে মাদক কারবারিরা পিছু হটে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জসিমের গুলিবিদ্ধ লাশ, ৩০০ বোতল ফেনসিডিল ও বেশ কিছু ধারালো অস্ত্র পাওয়া যায়।

জসিমের নামে চারটি মাদক মামলা ছিল জানিয়ে জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিজিবির নতুনপাড়া বিওপির নায়েব সুবেদার হামিদুল ইসলাম মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত