রোজার মাসে দেশি চিনি কেজিপ্রতি ৬৫ টাকা দরে বিক্রি করবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)।
সরকার নির্ধারিত দরে চিনি বিক্রির লক্ষ্যে বিএসএফআইসির ১৫টি চিনিকল থেকে প্রতি টন ৬০ হাজার টাকা দরে বস্তাজাত চিনি ফ্রি-সেলে (সবাই কিনতে পারবে) বিক্রিকরা হচ্ছে।
গতকাল মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থার তালিকাভুক্ত ডিলারদের একই দরে চিনি বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকায় আগোরা, স্বপ্ন, মীনাবাজার, সিএসডি, প্রাণ ইত্যাদি সুপারশপের চাহিদা মোতাবেক ১ কেজির প্যাকেটজাত চিনি ৬৫ টাকা দরে সরবরাহ করা হচ্ছে। সেই সঙ্গে ঢাকার দিলকুশায় চিনিশিল্প ভবনের বেজমেন্টে প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে।
এতে আরও বলা হয়েছে, আখচাষিদের প্রাপ্য চিনি এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিণ্ণ সামরিক ও বেসামরিক বাহিনীর চাহিদা অনুযায়ী চিনি সরবরাহ করা হচ্ছে। ভোক্তারা যাতে নির্ধারিত মূল্যে চিনি কিনতে পারেন সেজন্য বিএসএফআইসি বাজারে চিনির দর মনিটরিং করছে।
করোনাভাইরাসের কারণে দেশব্যাপী হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা বাড়ার পরিপ্রেক্ষিতে বিএসএফআইসি প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড কেরুজ হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত করছে। বর্তমানে ঢাকার বেশকিছু বড় ফার্মেসি ও মেডিসিন কর্নারসহ অন্যান্য জেলায় এই হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে। হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের ধারাবাহিকতায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড জৈব সার ‘সোনার দানা’ ও ‘কেরুজ ভিনেগার’ উৎপাদন ও বাজারজাত করছে। চিনিশিল্প ভবনের বেজমেন্টে চিনির পাশাপাশি এসব পণ্যও পাওয়া যাচ্ছে।
