মুম্বাইয়ে মারা গেছেন মিঠুন চক্রবর্তী বাবা বসন্ত কুমার চক্রবর্তী, আর বলিউড অভিনেতা এই মুহূর্তে রয়েছেন বেঙ্গালুরুতে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, মৃত্যুকালে বসন্ত কুমারের বয়স হয়েছিল ৯৫ বছর। তার চার সন্তানের মধ্যে সবচেয়ে বড় মিঠুন চক্রবর্তী। শেষকৃত্যের জন্য মুম্বাই পৌঁছানোর চেষ্টা করছেন তিনি।
জানা গেছে, মিঠুনের ছেলে মিমো রয়েছেন মুম্বাইতে। একটি শুটিংয়ের কাজে বেঙ্গালুরুতে যান মিঠুন। এরপর লকডাউন শুরু হওয়ায় সেখানেই আটকে পড়েন তিনি।
এক সময় ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন বসন্ত কুমার। স্ত্রী শান্তিময়ী ছিলেন গৃহবধূ। চার সন্তানের মধ্যে মিঠুন ছাড়া রয়েছেন তিন বোন। মিঠুন চক্রবর্তীর আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী।
শোনা যায়, বেশ রাশভারী ব্যক্তি ছিলেন বসন্ত কুমার। যখন জানতে পারেন ছেলে নকশালবাদী কার্যকলাপে জড়িয়ে পড়ছে, তার থেকে বের করে আনার জন্যই মুম্বাইয়ে পাঠিয়ে দেওয়া হয় মিঠুন চক্রবর্তীকে। সেই সূত্রে বলিউডে নিজের ক্যারিয়ার তৈরি করেন এই বাঙালি অভিনেতা।
মুম্বাই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে অভিনয় নিয়ে স্নাতক হন মিঠুন। যদিও তার এই ক্যারিয়ার খুব একটা পছন্দ ছিল না বসন্ত কুমারের। তবুও বিভিন্ন সময় মিঠুনের পাশে দাঁড়িয়েছে পরিবার।
