জয়পুরহাটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০১:৩৯ পিএম

জয়পুরহাটে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার ভোরে সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামে শ্রী নদীর পাশে তোকা শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, বন্দুকযুদ্ধে নিহত একরামুল হোসেন আরিফ (৩২) একজন মাদক ব্যবসায়ী। তিনি পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আ. আজিজ মন্ডলের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পে অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর শেখপুর গ্রামে শ্রী নদীর পাশে তোকা শ্মশান ঘাট এলাকায় মাদক উদ্ধার করতে গেলে  র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।

আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা্ও পাল্টা গুলি চালায়। পরে অস্ত্রধারী মাদক ব্যবসায়ী আরিফকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং গোলাগুলির সময় দুইজন র‌্যাব সদস্য আহত হয়।

আহত মাদক ব্যবসায়ী এবং র‌্যাব সদস্যদের দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি, ২ রাউন্ড খালি খোসা, ১টি ম্যাগজিন, ৫৫০ বোতল ফেনসিডিল, ৪৭৫ ইয়াবা ও ১টি মোবাইল সেট উদ্ধারের কথা জানিয়ে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা জানান, আরিফের নামে জয়পুরহাট সদর ও পাঁচবিবি থানায় মাদক, অস্ত্র, পুলিশ অ্যাসল্ট মামলাসহ প্রায় ১৭/১৮টি মামলা রয়েছে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত