আ. লীগকে চীনা কমিউনিস্ট পার্টির বিশেষ বার্তা, ৫০ হাজার মাস্ক

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৬:৫৯ পিএম

করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।

বুধবার চীনের রাজধানী বেইজিং থেকে প্রেরিত এক লিখিত বার্তায় চীনের কমিউনিস্ট পার্টি এ কথা জানিয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লিখিত বার্তায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ জানায়, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণ করোনা ভাইরাস মোকাবিলার সংকটময় দিনগুলোতে চীনের জনগণকে বিভিন্নভাবে সর্বাত্মক সহায়তা প্রদান করেছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহমর্মিতা ও সংহতি জানিয়ে চীনের রাষ্ট্রপতি শি চিন পিং বরাবর চিঠি প্রেরণ করেছিলেন। চীনের জনগণ সংকটকালীন সময়ে শেখ হাসিনার মহানুভবতাকে সারা জীবন স্মরণ রাখবে।

লিখিত বার্তায় বলা হয়, সংকটকালে বাংলাদেশ যেভাবে চীনের পাশে দাঁড়িয়েছিল ঠিক একইভাবে চীন সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে এবং বাংলাদেশের পাশে থাকবে।

চীনা কমিউনিস্ট পার্টি একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরীক্ষিত বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তারা মনে করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই সংকট মোকাবিলার সামর্থ্য বাংলাদেশের রয়েছে।

উল্লেখ্য, চীনা কমিউনিস্ট পার্টি বাংলাদেশ আওয়ামী লীগকে ৫০ হাজার মাস্কও প্রদান করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত