বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর রক্ত গণস্বাস্থ্য কেন্দ্রকে দেবে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে এ তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, মঙ্গলবার রাতে বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করা হলে রক্ত সংগ্রহের অনুমতি দেওয়া হয়।
জাফরুল্লাহ বলেন, বুধবার করোনাভাইরাসে আক্রান্ত রোগীর রক্তের নমুনা সংগ্রহের অনুমতি মেলে। পরে ডাক্তার, টেকনিশিয়ানদের স্বাস্থ্য অধিদপ্তরে পাঠান হলেও তাদের রক্তের নমুনা দেওয়া হয়নি। বৃহস্পতিবার সকালে আবার যেতে বলেছে তারা।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারকে কিট হস্তান্তরের তারিখ অনুযায়ী শনিবার সরবরাহ করা হবে।
তিনি বলেন, এখন করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগীর টেস্ট করতে লাগে তিন হাজার টাকা। গণস্বাস্থ্য কেন্দ্রের কিটে খরচ পড়বে তিন শ টাকা। অল্প সময়ে করোনাভাইরাসের রোগী শনাক্ত করা যাবে।
এর আগে মঙ্গলবার জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী সহযোগিতা করলেও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করছে না। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে গণস্বাস্থ্যের প্রতিনিধি বসে থাকলেও তাদের করোনা আক্রান্ত রোগীর রক্তের নমুনা দেওয়া হচ্ছে না।
