বিএনপির প্রতি তথ্যমন্ত্রী

ঐক্যবদ্ধভাবে জনগণের সুরক্ষার রাজনীতি করুন

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৪:১৯ এএম

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ঐক্যবদ্ধভাবে জনগণকে সুরক্ষা দেওয়ার রাজনীতি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাব, আসুন অন্য রাজনীতি নয়, আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সুরক্ষা দেওয়ার রাজনীতিটাই করি।’ তথ্যমন্ত্রী গতকাল সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে আরও বলেন, ‘এখন রাজনীতি করার সময় নয়, একে অপরকে দোষারোপ করার সময় নয়, এখন সময় হচ্ছে সব রাজনৈতিক দল মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এ মহাদুর্যোগ মোকাবিলা করার। এ সময় পরিসংখ্যান তুলে ধরে ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা শনাক্তের পর দুঃখজনকভাবে এ পর্যন্ত ১২০ জনের প্রাণহানি হয়েছে ও ৩,৭৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আমরা নিহতদের আত্মার শান্তি ও আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করি।

তিনি বলেন, কাছাকাছি সময় গত ১১ মার্চ তুরস্কে প্রথম করোনা রোগী শনাক্তের পর এ পর্যন্ত সেখানে ২ হাজার ২৫৯ জন মারা গেছেন ও ৯৫,৫৯১ জন রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ আমাদের পরিস্থিতি এখনো অনেক দেশের চাইতে ভালো। কিন্তু সেটি যেন আরও খারাপের দিকে না যায়, সেজন্য সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দেশে করোনার পরিস্থিতি মোকাবিলার পূর্ব প্রস্তুতি সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই ও বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হওয়ার আগে থেকেই দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে। আমাদের ত্রাণ উপকমিটি শুরু থেকেই ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে এবং একেবারে উপজেলা পর্যায় ও ছোট ছোট পৌরসভা এমনকি পাড়া মহল্লা পর্যন্ত ত্রাণসামগ্রী পৌঁছানো হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে দেওয়া করোনা প্রতিরোধ সামগ্রী চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম ঢাকার সভাপতি শাহেদ সিদ্দিকী ও সদস্য এবং সাবেক সভাপতি মুজিব মাসুদের হাতে তুলে দেন তথ্যমন্ত্রী।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত