দেশে করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে ধনীদের প্রণোদনা দিলেও গরিবের জন্য সরকারের কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন তিনি। এ সময় ১ হাজার ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
রিজভী বলেন, ‘গরিব মানুষের জন্য, নিরন্ন মানুষের জন্য সরকারের কোনো ব্যবস্থা নেই। এটা সরকার সংবিধানপরিপন্থি কাজ করছে। একই দেশের মধ্যে যাদের টাকা-পয়সা আছে, তাদের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দিচ্ছে। এরা কারা এরা গার্মেন্টস মালিক, ব্যাংকের মালিক, যা কিছু হচ্ছে বড়লোকদের জন্য। আর গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ রাস্তায় মরে পড়ে থাকে। এটা হচ্ছে এ সরকারের পরিণতি।’
করোনা মহামারী সামাল দিতে আওয়ামী লীগ ঐক্য চাচ্ছে না এ কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘আমরা বারবার বলেছি, ঐক্যবদ্ধভাবে বিপদ সামাল দিতে হবে। কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি কমিউনিস্ট পার্টি, কি জাতীয় পার্টি এই মহামারী, এই বিপদ ঐক্যবদ্ধভাবে সামাল দিই। কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি না। সরকার এ কথা শুনছে না। যাদের বাড়ি বাড়ি অসহায়দের বস্তা বস্তা ত্রাণের চাল পাওয়া যাচ্ছে, তা আওয়ামী লীগের নেতাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। এ জন্যই সরকার ঐক্য চায় না।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির একাংশের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, স্বেচ্ছাসেবক দলের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল প্রমুখ।
