স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগ চেয়ে আইনি নোটিস

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৪:২১ এএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যথাযথ পদক্ষেপ নিতে এবং চিকিৎসক-নার্সসহ সব স্বাস্থ্যকর্মীর সুরক্ষাসামগ্রী দিতে ব্যর্থ হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের পদত্যাগ চেয়ে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ই-মেইলে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন এ নোটিস পাঠান। এতে বলা হয়, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের কাজ হলো প্রশাসনের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি, স্বাস্থ্য ব্যবস্থাপনা, পরিকল্পনা ও নীতিমালা বাস্তবায়ন করা। কিন্তু করোনা সংক্রমণের পরিস্থিতিতে অধিদপ্তরের মহাপরিচালক সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন।

ডিজির উদ্দেশে নোটিসে বলা হয়, ‘আপনার ব্যর্থতার কারণে ২২ এপ্রিল পর্যন্ত দেশের ১৭০ চিকিৎসক, ১০০ পুলিশ সদস্য, ২৮ সংবাদকর্মী, ৭ প্রশাসনিক কর্মকর্তা ও নার্সসহ মোট ৩ হাজার ৩২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে ১১০ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাস ব্যক্তি থেকে ব্যক্তি এবং এক জনগোষ্ঠী থেকে আরেক জনগোষ্ঠীতে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকলেও সংক্রমণ প্রতিরোধ করতে আপনি ব্যর্থ হয়েছেন এবং দেশের জনস্বাস্থ্যকে আরও ঝুঁকিতে ফেলেছেন। শুধু তাই নয়, চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য স্বয়ংসম্পূর্ণ বা কার্যকরী বিশেষ নিরাপত্তা পোশাক (পিপিই) সরবরাহ করতেও ব্যর্থ হয়েছেন আপনি।’

এতে আরও বলা হয়, ‘যদিও দেশের সব মানুষের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর ক্ষমতাবান ও দায়িত্বশীল। তাই এর দায় কোনোভাবেই মহাপরিচালক এড়াতে পারেন না। অন্যদিকে বাংলাদেশ সংবিধানের ১৫(ক), ১৮(১) এবং ৩২ অনুচ্ছেদে স্বাস্থ্যসেবার ব্যাপারে উল্লেখ রয়েছে। এর মধ্যে অনুচ্ছেদ ৩২ অনুযায়ী স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, যা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।’

এ বিষয়ে জে আর খান রবিন দেশ রূপান্তরকে বলেন, ‘ব্যর্থতার কারণে অধিদপ্তরের মহাপরিচালকের আগেই পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু তা তিনি করেননি। এজন্য নোটিস পাওয়ার পরপরই তাকে পদত্যাগের অনুরোধ জানানো হয়েছে। এর অন্য কিছু হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে অবিচক্ষণ কার্যকলাপের জন্য সৃষ্ট সব ধরনের ক্ষতিকর পরিস্থিতির জন্য তিনি দায়ী থাকবেন।’ তিনি আরও বলেন, ‘নোটিসের অনুলিপি জনপ্রশাসন, অর্থ ও স্বাস্থ্য সচিবকেও পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত