সংবাদ সম্মেলনে কাদের

টাস্কফোর্সের নামে ‘বিভ্রান্তির ভাইরাস’ ছড়াচ্ছে বিএনপি

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০৫:৩১ এএম

করোনাভাইরাস চিকিৎসায় দেশের ভিআইপিদের জন্য বিশেষ হাসপাতাল তৈরির বিষয়টিকে স্রেফ গুজব বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। করোনা প্রতিরোধে বিএনপি জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে ‘বিভ্রান্তির ভাইরাস’ ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

তিনি বলেন, চিকিৎসাক্ষেত্রে ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে একটি মহল প্রচারণা চালাচ্ছে। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব। আমি যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের কোনো প্রস্তাবে সমর্থন দেননি। রোগীকে রোগী হিসেবে দেখব, এখানে ধনী-দরিদ্র, বিত্তবান-বিত্তহীনের কোনো বিষয় নেই। কারণ করোনা দলমত-ধর্ম-বর্ণনির্বিশেষে কাউকে ছাড় দেবেনÑ এমনটা মনে করার কোনো কারণ নেই।

ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে কেউ কেউ করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান করেছেন। কিন্তু সারা দুনিয়ায় করোনা প্রতিরোধে কোথাও টাস্কফোর্স দলীয়ভাবে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গড়ে তোলার কোনো নজির নেই। এ সময়ে যার যার দায়িত্ব সতর্কতার সঙ্গে পালন করা দায়িত্বশীলতার পরিচয়। প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, ভালো পরামর্শ কোনো রাজনৈতিক দল যদি সরকারকে দেয়, তাহলে অবশ্যই করোনা প্রতিরোধের জন্য সেই ভালো পরামর্শ সরকার সানন্দে গ্রহণ করবে। তিনি বলেন, করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলাার নামে বিএনপি অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে। অদৃশ্য শক্তিকে মোকাবিলা করার জন্য আজকে যার যার দায়িত্ব পালন করা উচিত। প্রত্যেকেরই স্বাস্থ্যবিধি মেনে চালাই প্রথম এবং প্রধান কর্তব্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত