করোনাভাইরাস প্রতিরোধে সরকার আগাম প্রস্তুতি না নেওয়ায় দেশে করোনা সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে গরিব মানুষের মধ্যে বিভিন্ন খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার বিতরণকালে এসব কথা বলেন তিনি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলামের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় রিজভী বলেন, ‘আজকে বাংলাদেশসহ গোটা বিশ্বে করোনাভাইরাস বিপর্যয় নামিয়ে দিয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশে করোনা মোকাবিলায় যে ধরনের আগাম প্রস্তুতি নেওয়া দরকার ছিল সেটা বর্তমান সরকার করেনি। অন্যদিকে ভিয়েতনাম, ভুটানসহ অনেক দেশ আছে যারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিল বলে সেসব দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কম। ফলে বাংলাদেশে প্রস্তুতি না থাকায় করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আজকে করোনার কারণে সারা দেশে খাবারের জন্য হাহাকার চলছে। কর্মহীন মানুষ খাবার খুঁজছে। তারা খাবারের জন্য ছোটাছুটি করছেন। দেশে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। এই দুঃসময়ে বিএনপি নেতাকর্মীরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে। আর সরকারি দলের মেম্বার, চেয়ারম্যানরা ত্রাণের চাল, ডাল, তেল চুরি করছে।’
দেশ ভয়ংকর পরিস্থিতির মধ্যে পতিত হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘সাধারণ জনগণ সরকারি ত্রাণ পাচ্ছে না। বরং ত্রাণের চাল, তেল, ডাল পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যানের বাড়িতে। হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে তাদের বাসায়। মহামারীর মধ্যে শুরু হয়েছে চাল-ডাল চোরদের উৎসব। এটাই কি গরিব মানুষকে সহায়তা করা, এটাই কি দুর্যোগ মোকাবিলা করা?’
