আড়াইহাজারে ‘গণপিটুনিতে’ আহত যুবকের মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০৪:১৩ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চোর সন্দেহে গণপিটুনিতে আহত ইব্রাহিম ওরফে কোবরা (২৮) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর বশীর উল্লাহ।

এর আগে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রূপম চন্দ্র সরকার দেশ রূপান্তরকে জানান, ২৪ এপ্রিল ভোরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বইলার কান্দি এলাকায় অজ্ঞান অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে এলাকাবাসী  পুলিশকে জানায়।

পরে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।

তিনি বলেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরলে তার নামপরিচয় জানান। তবে কারা এ অবস্থা করেছে কিছুই বলতে পারেননি। আর অশঙ্কাজনক হওয়ায় ও ডাক্তারের নিষেধাজ্ঞা থাকায় জিজ্ঞাসাবাদ করা হয়নি। পরে খোঁজ নিয়ে তার মা রিনা বেগমের কাছে যুবককে বুঝিয়ে দেয়া হয়।

রূপম বলেন, ইব্রাহিমের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা নেই। তবে এলাকাবাসী জানিয়েছে, তিনি ছিঁচকে চোর। ২৪ এপ্রিল রাতে চুরি করতে গেলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে রাস্তার পাশে ফেলে চলে যায়। তবে কার বাড়িতে চুরি করতে গিয়েছিল, কোন এলাকার লোকজন মেরেছে, বাদী কেউ নেই।

তাছাড়া ইব্রাহিমের মায়েরও কোনো অভিযোগ নেই বলে লিখিত দিয়েছেন। তাই তার উন্নত চিকিৎসার জন্য মায়ের হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান ইব্রাহিম। 

এদিকে ইব্রাহিমের মা রিনা বেগম সাংবাদিকদের বলেন, তার কোনো অভিযোগ নেই। তিনি কিছু বলবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত