চেন্নাইয়ে আটকেপড়া আরও ১৬৬ বাংলাদেশি দেশে

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০৬:৫৪ এএম

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে চতুর্থ দফায় ভারতের চেন্নাইয়ে আটকেপড়া ৫ শিশুসহ ১৬৬ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। তাদের নিয়ে গতকাল শনিবার বিকাল ৩টার দিকে একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, গত এক মাসের অধিক সময় ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়েছিলেন কয়েক হাজার বাংলাদেশি। করোনার কারণে গত ১৭ এপ্রিল থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হওয়ার কারণে তারা দেশে ফিরতে পারছিলেন না। এই অবস্থায় ভারতে বাংলাদেশ দূতাবাস তাদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ইউএস-বাংলা এয়ারলাইন্স। তিনি জানান, বিশেষ ফ্লাইটগুলোয় শুধু বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবেন। যাত্রীদের করোনাভাইরাসমুক্ত সার্টিফিকেট থাকলেও অবশ্যই বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর যেসব যাত্রীর নেগেটিভ সার্টিফিকেট আসেনি, তাদের সরকার নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত