লকডাউনের কারণে মায়ের শেষকৃত্যে অনুপস্থিত ইরফান

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১২:১১ পিএম

বলিউড অভিনেতা ইরফান খানের মা সাঈদা বেগম মারা গেছেন। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, বয়স হয়েছিল ৯৫ বছর।

টঙ্ক-এর নবাব পরিবারের সদস্য ছিলেন প্রয়াত সাঈদা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন, জয়পুরের বেনিওয়াল কানটা কৃষ্ণ কলোনিতে বাস করতেন তিনি।

তবে মায়ের মৃত্যুসংবাদ পেয়েও আসতে পারছেন না খ্যাতিমান তারকা ইরফান খান।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, লকডাউনের আগে থেকেই ভারতের বাইরে আছেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমার এই অভিনেতা। লকডাউন ঘোষণার পর থেকে সেখানেই রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে কোনোভাবেই তার দেশে ফেরা সম্ভব নয়। তাই ছেলের অনুপস্থিতিতে শনিবার সন্ধ্যায় সাঈদা বেগমের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

ইরফানের ঘনিষ্ঠ বন্ধু পরিচালক সুজিত সরকার বলেছেন, “খুবই দুঃখজনক ঘটনা। আমি ওর সঙ্গে কথা বলব। ফোন করব ওকে।”

২০১৯ সালে ইরফান নিউরোএন্ডোক্রিম টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। লন্ডনে চিকিৎসা চলছিল তার। সুস্থ হয়ে ক্যামেরার সামনে ফেরেন। লকডাউন ঘোষণার আগেই ‘আংরেজি মিডিয়াম’ মুক্তি পায়, কিন্তু কয়েক দিনের মাথায় সিনেমা হল বন্ধ হওয়ায় ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত