করোনা পরিস্থিতিতে নিজ এলাকার মানুষকে ঘরে রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ এখন সবজি ফেরি করছেন। প্রায় ২০ রকমের সবজি নিয়ে ওয়ার্ডের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ান সকাল থেকে দুপুর পর্যন্ত।
আসাদ দেশ রূপান্তরকে বলেন, নিজের সাধ্যমতো চেষ্টা করছি মানুষের পাশে থাকার। করোনাভাইরাস দুর্যোগ মোকাবিলায় আমি আমার ওয়ার্ডের মানুষকে বাজার বিমুখ করতে সবার দরজায় কাঁচাবাজার পৌঁছে দেয়ার অংশ হিসেবে সবজি ফেরি করছি।
তিনি বলেন, আমি মনে করি অদৃশ্য এই ভাইরাস বাজারঘাট থেকে সংক্রমণের একটি ঝুঁকি থাকে। বিশেষজ্ঞরাও তাই দাবি করছেন। তাই আমি চেয়েছি আমার ওয়ার্ডের মানুষ বাজারে যাবে না, বাজার যাবে তাদের দরজায়। এই আগ্রহ থেকে পিকআপ ভ্যানে করে প্রতিদিন সকালে ২১ নং ওয়ার্ডের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরি সবজি নিয়ে।
সাবেক ছাত্রলীগ নেতা আসাদ বলেন, এই পিকআপ ভ্যানে করে গরিব মানুষদের বিনা মূল্যে আর যাদের সামর্থ্য আছে তাদের কাছে নামমাত্র মূল্যে এই সবজি সরবরাহ করা হচ্ছে। ২০ রকমের সবজির মধ্যে রয়েছে, আলু, শাক, চিচিঙ্গা, ঢ্যাঁড়স, কাছা মরিচ, ধনেপাতা, লতি, শসা, লাউ ইত্যাদি।
আসাদ আরও বলেন, যত দিন লকডাউন চলবে আমার ওয়ার্ডে এই সেবা অব্যাহত থাকবে। আমার লক্ষ্যই হলো মানুষের বাজারে যাওয়ার প্রয়োজন যেন না পড়ে সেটা নিশ্চিত করা।
২১ নং ওয়ার্ডের মধ্যে ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শিববাড়ি, উত্তর নীলক্ষেত, দক্ষিণ নীলক্ষেত ও বঙ্গবন্ধু মেডিকেল স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন স্থানে এক ঘণ্টা করে এই সবজি বহন করা পিকআপ ভ্যান অবস্থান করে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এলাকার মানুষের হাতে সবজি তুলে দেন আসাদ ও তার কর্মীরা।
