বার্ধক্যজনিত সমস্যার কারণে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। গতকাল সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে তিনি চিকিৎসাধীন। আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান গতকাল দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।
আনন্দ জামান বলেন, ‘বাবা তো বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন অনেক দিন থেকেই। এপ্রিলের প্রথম সপ্তাহে ল্যাবএইডে ভর্তি হয়েছিলেন কিডনি ও ফুসফুসের জটিলতার কারণে। পরে একটু সুস্থ হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। আজ (সোমবার) আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক আমাদের জানিয়েছেন, আব্বার হার্টে কিছু সমস্যা রয়েছে। সেইসঙ্গে বার্ধক্যজনিত নানা জটিলতা রয়েছে। তবে সেসব গুরুতর কিছু নয়। তিনি শঙ্কামুক্ত আছেন।’
