বিএনপি নেতাদের ভাষ্য

সরকার কিট নিয়ে পরীক্ষা করে দেখতে পারে

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৫:৫১ এএম

করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট নিয়ে সরকার পরীক্ষা করে দেখতে পারে বলে মনে করেন বিএনপি নেতারা।

এ প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার রাতে দেশ রূপান্তরকে বলেন, গণস্বাস্থ্যের কিট সরকারের গ্রহণ করা উচিত। পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারে। তিনি বলেন, দেশে এখন দুর্যোগ। এই দুর্যোগে যে এগিয়ে আসতে চায় তার সহায়তা নেওয়া উচিত। আমার জানা মতে, বাইরের অনেক দেশ জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করছে। বাইরের দেশগুলো নিতে পারলে আমাদের সমস্যা কী পরীক্ষা করে দেখতে?

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী যেহেতু ঐক্যফ্রন্টের নেতা তাই হয়তো নিচ্ছে না। কারণ সরকার বলছে তারা করোনাভাইরাসের চিকিৎসা নিয়ে রাজনীতি করছে না। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, গণস্বাস্থ্যের ট্রাস্টি চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরী টেস্টিং কিট দিয়ে সরকারকে সহায়তার জন্য এগিয়ে আসেন। কিন্তু তাকে সে কাজটি করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, সরকারের কোষাগারে যে টাকা আছে, সেটা বাংলাদেশের জনগণের টাকা। দুঃসময়ে মানুষের জন্য বরাদ্দ বাড়াতে হবে। গতকাল দুপুরে চট্টগ্রাম বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে উপহার-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খসরু বলেন, এখন বাংলাদেশের মানুষের জীবনমরণ সমস্যা। এই কঠিন সময়ে কে কোন দল করে তা দেখে যদি দেশ চালানো হয় এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমরা টাস্কফোর্স গঠনের মাধ্যমে সবাইকে নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের জন্য বারবার বলে আসছি। কিন্তু সরকার কেন শুনছে না, সেটা তাদের ব্যাপার। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চাই।

দেশের স্বাস্থ্যব্যবস্থা কঠিন সময় অতিক্রম করছে মন্তব্য করে আমীর খসরু বলেন, করোনাভাইরাসের কারণে যেখানে দিনে ১৫ হাজারের বেশি শনাক্তের পরীক্ষা হওয়ার কথা, সেখানে হচ্ছে মাত্র ৩ হাজার। গণস্বাস্থ্যের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী টেস্টিং কিট দিয়ে সরকারকে সহায়তার জন্য এগিয়ে আসেন। কিন্তু তাকে সে কাজটি করতে দেওয়া হচ্ছে না। সরকার চিকিৎসকদের পর্যাপ্ত পিপিই দিতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত