করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রকোপ কমে আসছে স্পেনে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু হয়েছে ৩০১ জনের, যা আগের দিনের তুলনায় ৩০ জন কম!
সোমবার স্পেনে মৃতের সংখ্যা ছিল ৩৩১ জন। তিন শ ছাড়ানো নতুন মৃত্যু নিয়ে ইউরোপের দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৮২২ জন। কভিড-১৯ এ মৃত্যুতে দেশ হিসেবে তাদের অবস্থান তিন নম্বরে।
করোনার প্রকোপ কমে আসায় ১৪ মার্চ থেকে চলমান লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী রবিবার থেকে শিশুদের নিয়ে সীমিত সময়ের জন্য বাইরে ঘোরাফেরার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন। পরিস্থিতি উন্নতির দিকে থাকলেও লকডাউন ওঠার পরিধি আরও বাড়ানো হতে পারে।
করোনায় আক্রান্তের দিক থেকে দ্বিতীয়স্থানে আছে স্পেন, ২ লাখ ৩০ হাজার ছুঁই ছুঁই।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, একক দেশ হিসেবে আক্রান্ত ও মৃত উভয় তালিকাতেই শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ লাখ ৯০ হাজার। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ হাজার।
মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি, ২৭ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে আছে দেশটি, প্রায় ২ লাখ।
বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে; মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ১০ হাজার।
