ফেনীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বখাটে তৌহিদুল ইসলাম কিরণকে (২৩) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শহরতলীর লালপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুুলিশ জানায়, মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ঝোপের ভিতর টেনে নিয়ে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের চেষ্টা করে কিরণ। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন যুবক ভিডিও করে তাকে ধরতে চাইলে সে পালিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়লে গোয়েন্দা পুলিশের নজরে আসে।
রাতে গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই যুবককে আটক করে পুলিশ। আটক তৌহিদুল ইসলাম কিরণ একই এলাকার আবু বক্করের ছেলে। সে লালপোলের একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করতো।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নুরুজ্জামান কিরণকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
