এক চিকিৎসকের পরিবারে ১৭ করোনা রোগী

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৫:২৪ এএম

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তার পরিবারের ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরিবারটি সদর উপজেলার কুতুবপুরের দেলপাড়া এলাকায় বসবাস করে। এদিকে জেলার রূপগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফসহ এক দিনেই কোনো প্রকার উপসর্গ ছাড়া ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে জেলা করোনাবিষয়ক ফোকালপারসন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জায়দুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক নারী মেডিকেল অফিসারের পরিবারের ১৭ জন সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সোমবার পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে।

তিনি জানান, প্রথমে ওই চিকিৎসকের ভাইয়ের দেহে করোনা শনাক্ত হয়। এরপর সন্দেহ হলে পরিবারের অন্য সদস্যদের নমুনা পরীক্ষার জন্য পাঠালে সোমবার প্রাপ্ত রিপোর্টে তাদের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। 

এদিকে গতকাল বিকেলে রূপগঞ্জ উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফয়সাল আহমেদ দেশ রূপান্তরকে জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফসহ একই দিন কোনো প্রকার উপসর্গ ছাড়াই ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক রেডিওলজি টেকনিশিয়ান, সেকমোসহ আরও দুজন স্টাফ রয়েছেন। এছাড়া এর বাইরে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ও বাইরে আরও দুজনকে হাসপাতালে করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা নিজ বাড়িতে আলাদ থেকে চিকিৎসা নিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত