সব ধরনের পণ্যের স্টোর রেন্ট মওকুফ করল চট্টগ্রাম বন্দর

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৭:১০ এএম

করোনাভাইরাস পরিস্থিতির কারণে সৃষ্ট কন্টেইনার জট কাটাতে সব ধরনের আমদানি পণ্যের স্টোর রেন্ট শতভাগ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী ৪ মে’র মধ্যে আমদানি পণ্যের কন্টেইনার ডেলিভারি নিলে এ সুবিধা পাবেন আমদানিকারকরা। গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত ঘোষণা করে বন্দরের ট্রাফিক বিভাগ।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (ট্রাফিক) এনামুল করিম দেশ রূপান্তরকে বলেন, সাধারণ ছুটির সময় চট্টগ্রাম বন্দরে আসা আমদানি পণ্যের কন্টেইনারসমূহ আগামী ৪ মে’র মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি গ্রহণ করা হলে তার বিপরীতে আদায়যোগ্য বন্দরের স্টোর রেন্ট শতভাগ মওকুফ হবে।

এর আগে সাধারণ ছুটি ঘোষণার পর বন্দরে আসা আমদানি পণ্যের কন্টেইনারগুলোর ওপর ২০ এপ্রিল পর্যন্ত শতভাগ স্টোর রেন্ট মওকুফের ঘোষণা দিয়েছিল বন্দর। বন্দরের কন্টেইনার জট কাটাতে ওই ঘোষণা দেওয়া হলেও দেশে দেশে লকডাউন ও কাস্টমসের কার্যক্রম পুরোদমে চালু না থাকায় অনেক আমদানিকারক তাদের পণ্য ডেলিভারি নিতে পারেননি। যে কারণে কন্টেইনার জটের কোনো উন্নতি হয়নি।

জট কাটাতে সম্প্রতি সব ধরনের পণ্যের কন্টেইনার বন্দর থেকে অফডকে নিয়ে যাওযার অনুমতি দিয়ে অফিস আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। পাশাপাশি ৪ মে’র মধ্যে বন্দর থেকে কন্টেইনার খালাস নিলে স্টোর রেন্ট ছাড় দেওয়ার এ ঘোষণাও জারি করে বন্দর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত