করোনা থামাতে পারেনি ৯৮ বছরের ডাক্তারকে

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৭:১৩ এএম

চারদিকে করোনার ভয়। মানুষ আক্রান্ত হচ্ছে, মরছে। এরই মধ্যে ৯৮ বছর বয়সী এক চিকিৎসক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। করোনার ঝুঁকিতে থাকা বৃদ্ধাশ্রমে ছুটে যাচ্ছেন লাঠিতে ভর করে। একটা সার্জিক্যাল মাস্ক মুখে প্রতিদিনই রোগী দেখতে যাওয়া ওই বয়োজ্যেষ্ঠ চিকিৎসকের নাম ক্রিশ্চিয়ান শেন।

মহামারীর ভয় উপেক্ষা করে চিকিৎসাসেবা চালিয়ে যাওয়াকে নৈতিক দায়িত্ব মনে করা ফরাসি এই চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন তার এই সময়ের অভিজ্ঞতার কথা, শুনিয়েছেন দায়বোধের কথা।

ক্রিশ্চিয়ান শেন ফ্রান্সের সবচেয়ে বয়স্ক ডাক্তার। তিনি বলেন, মানুষ করোনাকে খুবই ভয় পাচ্ছে। এই সময়ে অন্য রোগীরাও আছে। তাদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। আমি তাদের জন্যই কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমারও ভয় হয়। আমার স্ত্রী সবচেয়ে বেশি আতঙ্কে থাকে আমাকে নিয়ে। তবে আমি সতর্ক আছি।

বিবিসিকে তিনি জানিয়েছেন, নিয়মিতই একটি বৃদ্ধাশ্রমে গিয়ে বয়স্ক মানুষদের চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। তিনি বাসা থেকে টেলিফোনেও জরুরি চিকিৎসাসেবার কাজ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত