শেখ হাসিনাকে মোদির ফোন

খাদ্য সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ঢাকা-দিল্লির

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৭:২০ এএম

করোনাভাইরাস মহামারীতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়াতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বুধবার বিকেলে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে ভারতের প্রধানমন্ত্রী করোনা মহামারীতে সম্ভাব্য খাদ্য সংকট নিয়ে কথা বলেন। এ সময় মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংকট মোকাবিলায় উৎপাদন বাড়াতে একসঙ্গে কাজ করতে চায় ভারত।

গতকাল রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেন। প্রেস সচিব জানান, বিকেল ৫টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কভিড-১৯ মহামারীতে সৃষ্ট পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১২ মিনিট কথা বলেন দুই নেতা। শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে নববর্ষ ও রমজানের শুভেচ্ছাও জানান মোদি।

প্রেস সচিব বলেন, করোনাভাইরাস মহামারী সংক্রমণ প্রতিরোধ এবং এ মহামারীতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়াতে নিজ নিজ সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন দুই প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থ্যা বলছে পরিস্থিতি দীর্ঘমেয়াদি হতে পারে। সুতরাং এ অঞ্চলের সব দেশ এক হয়ে এ পরিস্থিতি মোকাবিলায় কাজ করতে হবে। মহামারী মোকাবিলায় উভয় দেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন দুই নেতা এবং একসঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত