সাংবাদিক খোকনের মৃত্যু করোনায়

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৭:২২ এএম

সাংবাদিক হুমায়ুন কবির খোকন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় বাংলাদেশে মারা যাওয়া তিনিই প্রথম সাংবাদিক। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর তার স্ত্রী ও ছেলেমেয়েকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী। দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক খোকন শ্বাসকষ্ট নিয়ে উত্তরার ওই বেসরকারি হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেক পর মঙ্গলবার রাত ১০টার দিকে মারা যান। গতকাল বুধবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজা চাপিতলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গতকাল রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ বলেন, ‘আমরা রাতেই নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলাম, ভোরে আমাদের জানানো হয়েছে তার করোনাভাইরাস পজিটিভ এসেছে।’

সাংবাদিক খোকন স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার স্বজন ও সহকর্মীরা জানান, গত ১৫ দিন ধরে বাসা থেকেই অফিস করছিলেন খোকন। মঙ্গলবার সকালে তার শ্বাসকষ্ট ও মাথাব্যথা দেখা দেয়। এরপর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সে করে রাত ৯টার দিকে তাকে রিজেন্ট হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির সময়ই তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

সময়ের আলোর প্রকাশক গাজী আহমদ উল্লাহ বলেন, ‘সাংবাদিক খোকনের মায়ের ইচ্ছায় তাকে নিজ গ্রামে দাফন করা হয়। আমরা সার্বক্ষণিক পুরো বিষয় তত্ত্বাবধান করেছি। তার পরিবারের লোকজনের খোঁজখবর রাখছি।’

সাংবাদিক খোকনের মরদেহ গতকাল কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানার রাজা চাপিতলা গ্রামে নেওয়া হয়। বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে সাংবাদিক খোকনের মরদেহ গ্রামে নিয়ে আসেন তার এক ভাই। গতকাল বেলা ১১টার দিকে সীমিত পরিসরে ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার ভাইকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সাংবাদিক খোকনের মা, স্ত্রী বা ছেলেমেয়েরা বাড়িতে আসেননি।

ঢাকায় কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি খোকন এর আগে দৈনিক আমাদের সময়ের হেড অব নিউজ ছিলেন। এছাড়াও তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন। তিনি দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক আজকের কাগজ, মানবজমিন, দৈনিক মাতৃভূমিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

এদিকে সাংবাদিক খোকনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, যুবলীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বিভিন্ন সংগঠন ও ব্যক্তি।

এছাড়া এফবিসিসিআইর সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিন, কুমিল্লা প্রেস ক্লাব, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখা, কুমিল্লা উত্তর জেলা প্রেস ক্লাব, বাঙ্গরাবাজার প্রেস ক্লাব, মুরাদনগর উপজেলা প্রেস ক্লাব, মুরাদনগর প্রেস ক্লাব, মুরাদনগর রিপোর্টার্স ইউনিটি, মুরাদনগর উপজেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত