সিদ্ধিরগঞ্জে লবণবোঝাই কাভার্ডভ্যানে ৫৯ হাজার ইয়াবা

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৪:৩১ পিএম

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে লবণবোঝাই কভার্ডভ্যান থেকে ৫৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় এলাকায় টেকনাফ থেকে ঢাকার ধামরাইগামী একটি কভার্ডভ্যান থেকে এই ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই কভার্ডভ্যানের চালক জিয়া (৩৮) ও তার সহযোগী মুন্না ওরফে আলাউদ্দিনকে (২২) আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১ এর কুমিল্লা ক্যাম্প কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকার ধামরাইয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান পাচার হবে।

এই সংবাদের ভিত্তিতে আমরা অভিযান শুরু করি। পরে ইয়াবার চালান নিয়ে আসা কাভার্ডভ্যানটিকে আমরা চিহ্নিত করি এবং সেটিকে আটক করার জন্য তার পিছু নেই।

এ সময় তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। র‌্যাবও গাড়িটি আটক করতে তাদের অনুসরণ করতে থাকে।

পরে রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এসে তাদের আটক করে র‌্যাব। এ সময় লবণবোঝাই ওই কাভার্ডভ্যান থেকে ৫৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওই কাভার্ডভ্যানের চালক ও তার সহযোগীকে আটক করা হয়। পরে তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত