করোনাকালে অসহায়দের সহায়তায় এবার নিজের ‘প্রিয় স্মারক’ নিলামে তোলার ঘোষণা দিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ। যুবাদের হাত ধরেই বাংলাদেশ প্রথম কোনো বৈশিক আসরের শিরোপা জেতে।
ফাইনালে বিষম চাপের মুখে দারুণ এক ইনিংস খেলে দলকে শিরোপা উপহার দেন আকবর। পুরো টুর্নামেন্টে তার নেতৃত্বও ছিল প্রশংসনীয়। সেই টুর্নামেন্টেই ব্যবহৃত একটি জার্সি ও ব্যাটিং গ্লাভস নিলামে তোলার কথা জানিয়েছেন আকবর।
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লিখেছেন, ‘নিঃসন্দেহে অ-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক (১.ফাইনালের ম্যাচ জার্সি, ২.ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।’
এর আগে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহে সাকিব আল হাসান তার ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট নিলামে তুলেছিলেন। যেটি বিক্রি হয় ২০ লাখ টাকায়। এ ছাড়া মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, মাশরাফী বিন মোর্ত্তজা সহ এক ঝাঁক ক্রিকেটার প্রিয় স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।
এই তালিকায় আছেন প্রয়াত ফুটবলার মোনেম মুন্না, সাবেক ফুটবলার ও কোচ আলফাজ আহমেদ, রেফারি তৈয়ব হাসান, শুটার আসিফ হোসেন খানের মতো তারকাও।
