‘নিষিদ্ধ’ ছোট ভাইকে কামরানের যে উপদেশ

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৫:২৬ পিএম

ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা গোপন রাখায় উমর আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশ্য উমরের ক্যারিয়ার আগাগোড়াই বিতর্কে ভরা। যার সবশেষ পরিণতি বলতে হবে এই নিষেধাজ্ঞাকে।

ছোট ভাইয়ের এমন পরিণতি দেখে চুপ থাকেননি বড় ভাই কামরান আকমল। দিয়েছেন একগাদা উপদেশ।

দুই ভাই এক সঙ্গে জাতীয় দলে খেলেছেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরানও অবশ্য দুই বছর দলে জাতীয় দলে নেই। বয়স ৩৮ হয়েছে। ছোট ভাই উমর আকমলের বয়স ২৯। এখনও যার সামনে অনেক সময় দেখছেন কামরান। তাই সময় থাকতে সংশোধন হতে বলছেন ভাইকে।

উমরের উদ্দেশ্যে কামরানের বার্তা, ‘আমার পরামর্শ উমরকে, তোমাকে আরও শিখতে হবে। একটা ভুল করলে, সেখান থেকে শিক্ষা নিতে হবে। ওর বয়স কম। জীবনে অনেক কিছু থাকে যা মনকে বিক্ষিপ্ত করে দেয়।’

ক্যারিয়ারের শুরুতে একরকম থাকা বিরাট কোহলি পরে কীভাবে নিজেকে বদলে ফেলেছেন, ভাইয়ের সামনে সেই উদাহরণ তুলে ধরেছেন কামরান। বলেছেন ভারত অধিনায়ককে অনুসরণ করতে, ‘বিরাট কোহলির থেকে শেখা উচিত ওর। আগে আইপিএলে অন্য বিরাটকে দেখা যেত। কিন্তু পরে ও নিজেকে পাল্টে নেয়। এরপর বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হয়ে ওঠে।’

সতীর্থ বাবর আজম বা শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনিকেও উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছেন কামরান। তবে উমর আকমলের তিন বছরের নিষেধাজ্ঞাকে ‘লঘু পাপে গুরুদণ্ড’ হিসেবেই দেখছেন বড় ভাই কামরান আকমল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত