অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে রাজধানীর গুলশানের বেসরকারি ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো হয়েছে। মাহমুদা খানম (৭৫) নামে একজনের মৃত্যুর ঘটনায় তার ছেলে ডা. জিয়াউদ্দিন হায়দারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম মোস্তফা শাহীন গত ৩০ এপ্রিল ই-মেইলে এ নোটিস পাঠান। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করে আইনজীবী জানান, হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফাইজুর রহমানের কাছে রোগীর চিকিৎসায় অবহেলা, স্বজনদের প্রতি অসদাচরণ ও অশোভন আচরণের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা ও ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। নোটিস প্রাপ্তির ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা না পেলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। কম্বোডিয়াপ্রবাসী ডা. জিয়াউদ্দিন হায়দার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নোটিসে ডা. জিয়াউদ্দিন হায়দার জানান, গত ৫ এপ্রিল তার মায়ের নিউমোনিয়া ধরা পড়ে ও রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। এরপর উত্তরার একটি ক্লিনিকে নিয়ে অক্সিজেনের ব্যবস্থা করা হয়। করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এলে তাকে ১২ এপ্রিল মধ্যরাতে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রক্তে অক্সিজেনের মাত্রা ৫০ শতাংশের কম থাকায় রোগীকে ভেন্টিলেটরের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়।
