দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষে কিশোর নিহত

আপডেট : ০৩ মে ২০২০, ১০:১৪ পিএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ সময় নিহতের মাসহ আহত হয়েছেন আরো ছয় জন। গুরুতর তিনজনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। রবিবার বিকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সাংসাইন গ্রামের বিরোধপূর্ণ জমিতে এ সংঘর্ষর ঘটনা ঘটে। 

এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই গ্রামের নাজিম খাঁর ছেলে হাকিম খাঁ (১৬)। এ সময় সংঘর্ষ ফেরাতে গিয়ে আহত হন নিহতের মা হামিদা সহ আরো ছয়জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাকিম খাঁকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিম খাঁর জমির পাশে ক্রয়কৃত জমি নিয়ে নাজিম খাঁ দের বিরোধ চলে আসছিল। ক্রয়কৃত জমিতে ধান কাটতে গেলে আজিম খাঁদের জমির উপর দিয়ে ওই জমিতে যেতে নাজিম খাঁর ছেলে হাকিমকে বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই হাকিম নিহত হয়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের সুরতহাল রিপোর্ট  প্রস্তুত চলছে। দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত